ঘূর্ণিঝড় বুলবুল: ১৩ জেলায় ছুটি বাতিল
অতি প্রবল ঘূর্ণিঝড় বুলবুল বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে। ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় প্রস্তুতিসহ পরবর্তী কার্যক্রম গ্রহণের জন্য উপকূলীয় ১৩ জেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের শনি ও রোববারের (৯ ও ১০ নভেম্বর) ছুটি বাতিল করা হয়েছে।
ছুটি বাতিল করে শুক্রবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৩ জেলা প্রশাসকের (ডিসি) কাছে চিঠি পাঠানো হয়েছে। শনিবার (৯ নভেম্বর) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ছুটি। আর রোববার (১০ নভেম্বর) পবিত্র ঈদে মিলাদুন্নবীর ছুটি ছিল।
যেসব জেলার সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে সেগুলো হলো- সাতক্ষীরা, বাগেরহাট, পটুয়াখালী, ভোলা, বরগুনা, পিরোজপুর, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, কক্সবাজার ও চট্টগ্রাম।
ওই আদেশপত্রে বলা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের
‘ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) বাস্তবায়ন বোর্ড’ এর সভায় এই
সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড় মোকাবিলার প্রস্তুতিসহ পরবর্তী প্রয়োজনীয়
সকল কার্যক্রম গ্রহণের লক্ষ্যে এসব জেলার সকল কর্মকর্তা-কর্মচারীদের
শনিবারের সাপ্তাহিক ছুটি ও রোববারের সরকারি ছুটি বাতিল করা হয়েছে। এ সময়
তাঁদের কর্মস্থল ত্যাগ না করে সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য নির্দেশ দেওয়া
হলো।

No comments: