বাবরি মসজিদ মামলার রায় আজ, নিরাপত্তার চাদরে ভারত
১৯৯২ সালে ভারতের উগ্রপন্থী হিন্দুদের ভেঙ্গে দেওয়া ঐতিহাসিক বাবরি মসজিদ মামলার রায় হতে যাচ্ছে আজ। ২০১৯ সালের ৯ নভেম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই রায় ঘোষণা করবে। ভারতীয় সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে এ মামলার রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।
ভারতের অযোধ্যায় মোগল আমলে তৈরি একটি মসজিদের জমির মালিক কারা শনিবার সেই বিতর্কের নিষ্পত্তি করবে দেশটির সুপ্রীম কোর্টের বিশেষ বেঞ্চ।
বিতর্কিত জমিটি নিয়ে নিম্ন আদালতে মামলা দায়ের হওয়ার ঠিক ৭০ বছর পরে অবশেষে রায় দিচ্ছে ভারতের সর্বোচ্চ আদালত।
রায় ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে কর্তৃপক্ষ। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। জারি রয়েছে ১৪৪ ধারা। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য। আদালতের সিন্ধান্ত মেনে নেওয়ার ঘোষণা দিয়েছে কাশ্মির ইস্যুতে মোদির পাশে থাকা মুসলিম সংগঠন জমিয়াতে উলেমায়ে হিন্দ। রায় যাই হোক, সবাইকে শান্তি বজায় রাখার আহ্বান জানিয়েছেন জমিয়ত প্রধান মাওলানা আরশাদ মাদানি।
মুসলিম ও হিন্দু উভয় সম্প্রদায়ের নেতারা ঘোষণা দিয়েছেন, সুপ্রিম কোর্টের রায় তারা মেনে নেবেন। তারপরও ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা হচ্ছে অযোধ্যা শহরসহ উত্তরপ্রদেশ জুড়ে। রাজ্যের সব স্কুল-কলেজ কয়েকদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। যে ৩৮টি জেলা সংবেদনশীল, সেখানে বাড়তি বাহিনী নামানো হয়েছে। টহল চলছে দিন রাত। রাস্তার মোড়ে মোড়ে তল্লাশি চালানো হচ্ছে। যারা উত্তেজনা ছড়াতে পারে, এমন ব্যক্তিদের ‘চিহ্নিত করে’ ধরপাকড় চালানো হচ্ছে। কড়া নজর রাখা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। দুইটি হেলিকপ্টার তৈরি রাখা হচ্ছে। এর একটি থাকবে অযোধ্যায়। পুলিশের বন্দুক, গুলি, কাঁদানে গ্যাসসহ আইনশৃঙ্খলা রক্ষার সরঞ্জামও পরীক্ষা করে প্রস্তুত রাখা হচ্ছে। বাবরি মসজিদ ছিল যে শহরে সেই অযোধ্যার নিরাপত্তাও বাড়ানো হয়েছে। মাসখানেক ধরেই সেখানে ১৪৪ জারি রয়েছে।
আগামী সপ্তাহেই অবসর নেবেন বর্তমান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। তার আগেই যে তিনি এই ঐতিহাসিক এবং সাম্প্রতিক সময়ের সব থেকে গুরুত্বপূর্ণ মামলাটির নিষ্পত্তি করে দিতে চান, সে ঘোষণা আগেই করেছিলেন গগৈ।
উল্লেখ্য, ১৯৯২ সালে বাবরি মসজিদ ভেঙ্গে ফেলার পর হিন্দু-মুসলিম দাঙ্গায় প্রায় ২০০০ লোকের মৃত্যু হয়েছিল।
No comments: